বাপেক্স এর উদ্যোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার চৌধুরীপাড়ায় নতুন গ্যাসক্ষেত্র সন্ধানের কাজ করতে গিয়ে ৫ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। রবিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহত শ্রমিককে দেওয়া হচ্ছে প্রাথমিক চিকিৎসাবাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) গ্যাসক্ষেত্র অনুসন্ধানে দায়িত্বরত সুপারভাইজার মিলন হোসেন জানান, কয়েকদিন ধরে উপজেলার কাঞ্চন পৌরসভার চৌধুরীপাড়া এলাকায় নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানের কাজ করছে বাপেক্স। রবিবার বেলা ১১টার দিকে বাপেক্সের নিয়োজিত ঠিকাদার তার লোকজন নিয়ে খননের কাজ করার সময় পাশ দিয়ে বয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারের সঙ্গে গ্যাসক্ষেত্রের কাজে ব্যবহৃত স্টিলের পাইপ জড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক জুরান আলী, খোকন মিয়া, সুমন মিয়া, সাইদুল ইসলাম ও আবু বকর সিদ্দিক আহত হন।
তিনি আরও জানান, আহতদের সবার শরীরের বিভিন্ন স্থানে পুড়ে গেছে। তাদের উদ্ধার করে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে জুরান আলীর অবস্থা আশঙ্কাজনক।