গোপালগঞ্জে ৪ ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

গোপালগঞ্জগোপালগঞ্জের কাশিয়ানীতে ৪ ডাকাত সদস্যকে গণপিটুনিদিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী। শনিবার (২৪ মার্চ) দিবাগত গরাতে কাশিয়ানী উপজেলার ব্যাসপুর এলাকায় এ ঘটনা ঘটে। কাশিয়ানী-মুকসুদপুর অঞ্চলের সিনিয়র সহকারি পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটক ডাকাত সদস্যরা হলো- কুষ্টিয়ার ভেড়ামাড়া উপজেলার উত্তর ভবানীপুর গ্রামের আমিনুদ্দিন মালিথার ছেলে কালু মালিথা (৬৫), রাজবাড়ীর কালুখালি উপজেলার দামুড্ডিয়া গ্রামের মো. মুন্না মিয়ার ছেলে আসলাম মিয়া(৩০), পিরোজপুরের নাজিরপুর উপজেলার হোগড়ামুনিয়া গ্রামের মো. মোস্তফার ছেলে সাগর (৩২) ও জামালপুর সদর উপজেলার হাছনড়া গ্রামের মৃত রায়হানের ছেলে সুমন (৫০)।

আহত ডাকাত সদস্যদের প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

সহকারি পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান জানান, ব্যাসপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় জনগণ ওই চার ডাকাত সদস্যকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

তিনি আরও  জানান, আটককৃতদের নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।তাদেরকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।