কোটালীপাড়া পৌরসভায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে

01দীর্ঘ ৭ বছর পর গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (২৯ মার্চ) সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকাল ৪টা পযর্ন্ত।
বৃহস্পতিবার চতুর্থবারের মতো অনুষ্ঠিত নির্বাচনে সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতোন। তবে পুরুষ ভোটার থেকে নারী ভোটারদের উপস্থিতিই বেশি।
এ পৌরসভায় আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী শেখ কামাল হোসেন এবং ১নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী নাসির উদ্দিন সরদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মেয়র পদে ভোটগ্রহণ না হলেও পুরুষ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ভোটগ্রহণ চলছে। এ নির্বাচনে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৪ ও পুরুষ কাউন্সিলর পদে ২৮ জন প্রার্থী ২৯ মার্চ ভোট যুদ্ধে লড়ছেন। কোটালীপাড়া পৌরসভায় মোট ভোটার ১৩ হাজার ৩১৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৬৯৭ জন ও নারী ভোটার ৬ হাজার ৬১৮ জন।
জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মুন্সি ওহিদুজ্জামান জানান, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্রগুলোতে নিরাপত্তার জন্য পুলিশের পাশাপাশি বিজিবি ও র‌্যাব মোতায়েন রয়েছে।