কাঁঠালবাড়ি ফেরিঘাটের শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

মাদারীপুরমাদারীপুরের কাঁঠালবাড়ি ফেরিঘাটে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৮ মে) দুপুরে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. ইমরান আহম্মেদ এই অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দীর্ঘদিন ধরে শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ফেরিঘাট, লঞ্চ ও স্পিডবোট ঘাট এলাকায় অবৈধ দোকানপাট নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছে একটি অসাধু চক্র। এরই প্রেক্ষিতে আসন্ন ঈদুল ফিতরে ঘরে ফেরা দক্ষিণাঞ্চলের যাত্রীদের ভোগান্তি কমাতে অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এসময় পুলিশ ও বিআইডব্লিউটিএ’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মাদারীপুরের শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদ বলেন, ‘কাঁঠালবাড়ি ফেরিঘাট, লঞ্চঘাট, স্পিডবোট ঘাট, মাইক্রো বাসস্ট্যান্ড ও লোকাল বাসস্ট্যান্ডেও এই অভিযান পরিচালনা করা হয়। এতে কাঁঠালবাড়ি ঘাটের শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। আগামীতেও অবৈধ স্থাপনা উচ্ছেদে এই অভিযান অব্যাহত থাকবে।’