টাঙ্গাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীতে যানজটটাঙ্গাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫জন। মঙ্গলবার (২৬ জুন) দিবাগত রাত দুইটার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তি ট্রাকের চালক বলে জানিয়েছে পুলিশ। নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

এদিকে দুর্ঘটনার ফলে মহাসড়কের দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয় বলে পুলিশ জানায়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক নুর আলম জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রাক কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক ট্রাকচালক নিহত হন। এ ঘটনায় আরও ৫জন আহত হন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।দুর্ঘটনার ফলে ও বৃষ্টির কারণে মহাসড়কে কিছুটা যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়।