ছাত্রী অপহরণের অভিযোগ ইমামের বিরুদ্ধে, পুলিশ মনে করে বিষয়টি ‘প্রেমঘটিত’

অপহরণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে  সপ্তম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীর অপহরণের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীর পরিবার আরও অভিযোগ করেছে, ঘটনার ৫ দিন পার হয়ে গেলেও ছাত্রীটিকে খুঁজে বের করতে পারেনি পুলিশ। গত শনিবার (৩০ জুন) স্কুলে যাওয়ার পথে অপহরণের ঘটনা ঘটে। নিকটস্থ মসজিদের ইমামের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন ছাত্রীটির মা। পুলিশ দাবি করেছে, বিষয়টি তাদের কাছে প্রেমঘটিত বলে মনে হচ্ছে।

অপহৃত  স্কুল শিক্ষার্থীর মা হাজেরা বেগম জানিয়েছেন, তার মেয়ে রিতু আক্তার (১২)  পাইস্কা এলাকার  গণবাংলা স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সে বাড়ির পাশের মসজিদে কোরআন শরীফ পড়তে যেত। ওই মসজিদের ইমাম হাফেজ মহিউদ্দিন প্রায়ই তাকে উত্যক্ত করত এবং অগ্রহণযোগ্য প্রস্তাব দিত। রিতু বিষয়টি তার মাকে জানালে পরিবারের পক্ষ থেকে ইমামকে সতর্ক করে দেওয়া হয়।

রিতুর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওই ঘটনায় ক্ষিপ্ত হয়ে উঠেছিল ইমাম মহিউদ্দিন এবং তার জের ধরেই শনিবার  (৩০ শে জুন ) গণবাংলা উচ্চ বিদ্যালয়ে যাওয়ার রাস্তা থেকে অপহরণ করা হয় রিতুকে; মসজিদের ইমাম মহিউদ্দিন আল হাফেজী ও তার কয়েকজন সহযোগী একটি গাড়িতে করে তুলে নিয়ে যায় তাকে।

মেয়ের খোঁজ না পেয়ে রোববার সকালে রিতুর মা হাজেরা বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু ৫ দিন অতিবাহিত হয়ে গেলেও পুলিশ রিতুকে উদ্ধার করতে পারেনি। এ ব্যাপারে ভোলাব তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক সাব্বির আহমেদ বলেছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষয়টি প্রেমঘটিত। একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে শিক্ষার্থীকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।