গাইবান্ধায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২

সড়ক দুর্ঘটনা

গাইবান্ধার গোবিন্দগঞ্জের কালিতলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুই বাসে থাকা অন্তত ৩০ যাত্রী আহত হয়েছে। সোমবার (৯ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কালিতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গাইবান্ধা থেকে সোমা পরিবহণের একটি বাস রাজশাহী যাচ্ছিল। এসময় বগুড়া থেকে আসা আগমনী এন্টারপ্রাইজের অপর একটি বাস রংপুরে যাচ্ছিল। বাস দুটি কালিতলা এলাকায় পৌঁছিলে হঠাৎ করেই মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই আগমনী এন্টারপ্রাইজের চালকসহ দুইজন নিহত হন। এতে দুই বাসে থাকা নারী-পুরুষসহ অন্তত ৩০ জন যাত্রী আহত হয়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মর্কতা (ওসি) আকতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে চার-পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। নিহত দুই জনের নাম পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

 গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আমিরুল ইসলাম জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস দুটি উদ্ধার করা হয়েছে।

এদিকে, দুর্ঘটনার পর পরই রংপুর-ঢাকা মহাসড়কে সব ধরণের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়ে সাধারণ যাত্রীরা। পরে দুর্ঘটনা কবলিত বাস দুটি সড়িয়ে নিলে দুপুর ১টার পর যানচলাচল স্বাভাবিক হয়।