পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, দুর্ঘটনা কবলিত প্রাইভেট কারটির যাত্রীরা আত্মীয়ের বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে সিলেট যাচ্ছিলেন। শিবপুরের কামারটেক বাসস্ট্যান্ডে পৌঁছালে প্রাইভেট কারটির সঙ্গে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাতায়াত পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ওই নারী নিহত হন। আহত অপর চার আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে পাঠায়। খবর পেয়ে শিবপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা এএনএম মিজানুর রহমান জানিয়েছেন, আশঙ্কাজনক অবস্থায় আহত ৪ জনকে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেছেন, দুর্ঘটনার পরেই বাসের চালক পালিয়ে গেছে। দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার ও যাতায়াত পরিবহনের ঘাতক বাসটি আটক করে ইটাখোলার হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।