জাবিতে আন্দোলনরত দুই শিক্ষার্থীকে ছাত্রলীগ কর্মীর মারধর

 

সাভার

রাজধানীর বিমানবন্দর সড়কে বাস চাপায় দুই শিক্ষার্থীকে ‘নিহতে’র ঘটনায় এবং নিরাপদ সড়কের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত দুই ছাত্রকে মারধর করেছে এক ছাত্রলীগ কর্মী। বৃহস্পতিবার (২ আগস্ট) দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নয়দফা দাবিতে বেলা সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও জয় বাংলা ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের আশে-পাশের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। দুপুর দুইটার দিকে আজকের মতো কর্মসূচি স্থগিত ঘোষণা করেন আন্দোলনরতরা। এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী মাহাদী ইসলাম ধ্রুব (ভূগোল ও পরিবেশ বিভাগ, ৪৫ তম আবর্তন) শিক্ষার্থীদের জমায়েতের দিকে দ্রুতগতিতে বাইক চালিয়ে এসে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকেন এবং হুমকি দেন।  শিক্ষার্থীরা এর প্রতিবাদ জানালে ছাত্রলীগ কর্মী ধ্রুব ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের দুই ছাত্রকে মারধর করেন। এসময় কয়েকজন ছাত্রলীগ নেতা ধ্রুবকে নিবৃত্ত করার চেষ্টা করেন। পরে প্রক্টরিয়াল বডির সদস্যরা তাকে নিবৃত করে।

মারধরের কথা স্বীকার করে ছাত্রলীগ কর্মী মাহাদী ইসলাম ধ্রুব বলেন, ‘আন্দোলনে শরিক হতে আমি ও আমার বন্ধু বাইক নিয়ে জমায়েতের দিকে যাই। এসময় কয়েকজন শিক্ষার্থী আমার বাইক আটকায়। তারা কাগজপত্র দেখতে চায়। হেলমেট না থাকা নিয়ে জেরা করে। তারা আমার বাইকের চাবি নিয়ে নেয়। বিশ্ববিদ্যালয়ের স্টিকার থাকার পরও তারা আমার সাথে খারাপ আচরণ করে। আমি এটা মেনে নিতে পারিনি।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিকদার মো. জুলকারনাইন বলেন,‘আক্রান্ত শিক্ষার্থীদের আমরা লিখিত অভিযোগ দিতে বলেছি। উভয়পক্ষের পরিচয়পত্র আমাদের সংগ্রহে আছে। যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

নিরাপদ সড়কের দাবিতে বেলা সোয়া ১২টার দিকে ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল জয় বাংলা ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে গিয়ে অবস্থান নেয়। শিক্ষার্থীদের অবরোধে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কে প্রতিবাদী পথনাটক পরিবেশন করে জাহাঙ্গীরনগর থিয়েটার। প্রধান ফটক সংলগ্ন মহাসড়কে যানবাহনের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করতে দেখা যায় শিক্ষার্থীদের। জনসাধারণের ভোগান্তির কথা চিন্তা করে দুপুর দুইটার দিকে আজকের মতো কর্মসূচি স্থগিত ঘোষণা করে শিক্ষার্থীরা।