শ্রীপুরে মাদ্রাসা শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন

গাজীপুর

গাজীপুরের শ্রীপুর খোঁজেখানী আয়েশা (রা.) বালিকা মাদ্রাসার শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদ জানিয়েছে।  সোমবার দুপুর ২টার দিকে শিক্ষার্থীরা গোসিঙ্গা ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন করে অভিযুক্ত রজব আলীর বিচার দাবি করে।

এ ব্যাপারে মাদ্রাসা সুপার মো. ফুরকান উদ্দিন বলেন, ‘মাদ্রাসার এক শিক্ষার্থীর মায়ের জানাজায়  অংশ নেওয়াসহ তার পরিবারকে শান্তনা দেওয়ার জন্য রবিবার বিকেল তিনটায় মাদ্রাসা ছুটি দেওয়া হয়। সেখান থেকে ফিরে আসার পর বিকেল সাড়ে ৩টার দিকে অভিযুক্ত রজব আলী তাকেসহ সব শিক্ষকদের বিল্লাল হোসেন নামে এক শিক্ষক ও শিক্ষার্থীদের সামনে অশ্লীল ভাষায় গালাগাল করে।  এর এক পর্যায়ে শিক্ষক ও শিক্ষার্থীরা মাদ্রাসা ছেড়ে চলে যায়। সোমবার সকালে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে শিক্ষকদের অশ্লীল ভাষায় গালাগালের প্রতিবাদে বিক্ষোভ করে।

শিক্ষার্থীরা জানায়, এ ঘটনায় দুপুর ২টায় তারা গোসিঙ্গা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে মানববন্ধন করে। এছাড়াও রজব আলীর বাড়ির পানির লাইন মাদ্রাসার খেলার মাঠে দিকে খুলে দেওয়ায় তারা মাঠটি ব্যবহার করতে পারছে না।

এ ব্যাপারে অভিযুক্ত রজব আলী বলেন, ‘ আমি কোনও শিক্ষককে গালিগালাজ করিনি। এ বিষয়ে পরে সাংবাদিকদের সঙ্গে বসে কথা বলবো।’

গোসিঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাহন সরকার জানান, এ বিষয়ে তিনি লিখিত অভিযোগ পেয়েছেন। অভিযোগটি আমলে নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হবে।