ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় গ্রেট বিক্রমপুর ও স্বাধীন পরিবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ১১ জন আহত হয়েছে। মঙ্গলবার (২১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কেয়টখীরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। শ্রীনগর ও লৌহজং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাকসুদা লিমা দুর্ঘটনার খবর নিশ্চিত করেন।
তিনি আরও জানান,‘ঢাকাগামী বাস স্বাধীন পরিবহন ও মাওয়াগামী গ্রেট বিক্রমপুর বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে উদ্ধার কাজ করছে। দুর্ঘটনায় বাস দুটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে। এই দুর্ঘটনায় আহত এক শিশু ও পুরুষকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলো, শরিয়তপুর জেলার মুক্তা বেগম (৪০) ও তার মেয়ে মোছা. তুবা (১০), শ্রীনগর উপজেলার উত্তর সেলামতি গ্রামের জাহিরা বেগম (৫৫) ও তার নাতনি মো. রুমিক (৭), গোপালগঞ্জ জেলার মারুফ মিয়া (২৪),লৌহজং উপজেলার জাকির হোসেন (৩০), ফরিদপুর জেলার ফরিদপুর জেলার মহিউদ্দিন (৫০), ফরিদপুর জেলার ইমরান (২৫), শরিয়তপুর জেলার শামিম (৩০),ফরিদপুর জেলার মিলন মোল্লা (৩০), শিবচরের শাহনাজ বেগম (৩০)।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আরিফুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে উদ্ধার আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।