প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল

ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোপালগঞ্জে শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

ভিডিও কনফারেন্সের মাধ্যমে বুধবার গোপালগঞ্জে শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। এছাড়াও পাশ্ববর্তী ৮ জেলার ২০টি উপজেলায় ভিশন সেন্টারের উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম, জেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরি এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলি খান, জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক ডা. দ্বীন মোহাম্মদ নুরুল হকসহ ভারতের অরবিন্দু হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার আর ডি রবিন্দ্রন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের পরিচালক ডা. সাইফুদ্দিন আহম্মেদ, ন্যাশনাল আই কেয়ারের অনলাইন ডিরেক্টর অধ্যাপক ডা.গোলাম মোস্তফাসহ জেলা পর্যায়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

ভিশন সেন্টারের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,‘৭৫-এর ১৫ আগস্ট শুধু জাতির পিতাকে হত্যা করা হয়নি, সেই সঙ্গে হত্যা করা হয়েছিল স্বাধীনতার চেতনাকে।’

তিনি বলেন,‘বঙ্গবন্ধু যখন দেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলার কাজ হাতে নিয়েছিলেন, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার কাজ শুরু করেছিলেন, এদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, যখন মানুষের ভাগ্য বদলাতে শুরু করেছিল, সেই সময় জাতির পিতাকে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি সপরিবারে হত্যা করে দেশের অগ্রগতিকে স্তিমিত করে দেয়।

শেখ হাসিনা বলেন, ১৯৯৬ সালে আমরা ক্ষমতায় আসার পর আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে মানুষের দোর গোড়ায় চিকিৎসা সেবা পৌছে দিতে কমিউনিটি ক্লিনিক স্থাপনের কাজ হাতে নিয়েছি। কিন্তু, ২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় এসেই তা বন্ধ করে দিয়ে মানুষের চিকিৎসা সেবা বন্ধ করে দেয়।

তিনি বলেন, আমরা রাজনীতি করি মানুষের জন্য, মানুষের কল্যানের জন্য। ভোট দেওয়া না দেওয়া জনগণের অধিকার। জনগণের জন্য কাজ করবো, তাদের উন্নত জীবন ও উন্নত চিকিৎসা সেবা দেবো এটা তো আমাদের রাজনৈতিক অঙ্গিকার।