গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়ন থেকে ওই ছাত্রীকে অপহরণ করা হয়। এ ঘটনায় শ্রীপুর উপজেলার বাউনী গ্রামের আব্দুল বাতেনের ছেলে নয়ন মিয়া (২৮), ভাই আমিনুল ইসলাম, তার বাবা আব্দুল বাতেন, মা খাদিজা আক্তার, চাচা নূরুল ইসলাম, প্রতিবেশী আব্দুস ছাত্তার, আব্দুল খালেকের ছেলে আব্দুল হাই ও কাপাসিয়ার পাবুর গ্রামের মফিজ উদ্দিনের স্ত্রী শিরিনা আক্তারের নামে গাজীপুর আদালতে মামলা করা হয়।
অপহৃত স্কুলছাত্রীর মা জেসমিন আক্তার জানান, তার মেয়ে বাউনী গ্রামে নানার বাড়িতে থেকে বাউনী উচ্চবিদ্যালয়ে পড়াশোনা করত। তার বাবার বাড়ি কাপাসিয়া উপজেলার পাবুর গ্রামে। এসএসসি পরীক্ষার পর সে নিজ বাড়ি কাপাসিয়ার পাবুর গ্রামে আসার পর ২৩ জুলাই অপহৃত হয়। মামলায় গ্রেফতার দুই আসামি জামিনে মুক্ত হয়ে মামলা প্রত্যাহার করার জন্য হুমকি দিচ্ছে। না হয় আসামিরা তার পরিবার ও সাক্ষীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়াসহ হত্যার হুমকি দিচ্ছে। এ ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি করেছেন।
জেসমিন আক্তার আরও জানান, প্রধান অভিযুক্ত নয়ন মিয়াসহ আরও তিন অভিযুক্তকে এখনও গ্রেফতার করা হয়নি।
কাপাসিয়া থানার ওসি (অপারেশন) মনিরুজ্জামান জানান, ওই মামলায় কাপাসিয়া থানা পুলিশ ১৯ আগস্ট রাতেই প্রধান আসামি নয়নের চাচা নূরুল ইসলাম ও মা খাদিজা আক্তারকে গ্রেফতার করে। পরে তারা আদালত থেকে ২৬ আগস্ট জামিনে মুক্ত হয়। অন্য আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের জন্য তৎপরতা চলছে।