সাফারি পার্কে প্রথমবারের মতো সাদা বাঘ শাবকের জন্ম

সাফারি পার্কে সাদা বাঘ শাবকগাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে একটি বাঘিনী তিনটি শাবকের জন্ম দিয়েছে। এর মধ্যে রয়েছে একটি সাদা বাঘ। সাফারি পার্কে সাদা বাঘের জন্ম হওয়া এটিই প্রথম ঘটনা। এর আগে ১৯ জুলাই চট্টগ্রামের চিড়িয়াখানায় সাদা বাঘের জন্ম হয়েছিল।
গত ৮ আগস্ট বাঘিনী শাবক তিনটির জন্ম দেয়। এই বাঘিনী ২০১৭ সালে আরও তিনটি শাবকের জন্ম দিয়েছিল। সব মিলিয়ে সাফারি পার্কে এখন মোট বাঘের সংখ্যা ১২টি। এরমধ্যে চারটি পুরুষ ও আটটি স্ত্রী বাঘ।
সাফারি পার্কে মায়ের সঙ্গে সাদা বাঘ শাবকপার্কের বন্যপ্রাণী পরিদর্শক আনিসুর রহমান বলেন, ‘বাঘ শাবকদের নিরাপত্তার কথা বিবেচনা করে পার্ক কর্তৃপক্ষ এক মাস পর এ ঘটনা প্রকাশ করেছে। জন্মের পর থেকেই মা ও তার শাবকরা সুস্থ রয়েছে। শাবকগুলো নিয়মিত মায়ের দুধ পান করছে।’
সাদা বাঘের জন্ম হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি অস্বাভাবিক কিছু নয়, জিনগত কারণে বাঘের রং সাদা হয়ে থাকে।’
সাফারি পার্কের কিউরেটর নুরুন্ননী বলেন, ‘বাঘিনীটি অচেনা কাউকেই দেখলেই রেগে যাচ্ছে। তাই আরও এক বছর লোকচক্ষুর আড়ালেই শাবকদের রাখা হবে। তবে ছয় মাস পর্যন্ত শাবকরা মায়ের দুধ পান করবে।’