গাজীপুরে নিটেক্স কারখানা বন্ধ ঘোষণা, শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস

বকেয়া পাওনা পরিশোধের দাবিতে শ্রমিকরা রাস্তায় নামেগাজীপুরে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে শ্রমিক আন্দোলনের মুখে নিট অ্যান্ড নিটেক্স লিমিটেড নামের পোশাক কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্ধের নোটিশ সোমবার (২৪ সেপ্টেম্বর) কারখানার গেইটে টানানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে, আগামী ২৮ সেপ্টেম্বর (শুক্রবার) শ্রমিকদের পাওনা পরিশোধ করার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) আমিরুল আলম ও কারখানার কর্মকর্তা-শ্রমিকরা জানান, গাজীপুর সিটি করপোরেশনের ডেগেরচালা এলাকার নিট অ্যান্ড নিটেক্স লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিকদের ঈদের আগে আগস্ট মাসের পাওনা বেতন ভাতার অর্ধেক পরিশোধ করে কর্তৃপক্ষ। ঈদের ছুটি কাটিয়ে কাজে যোগ দিয়ে শ্রমিকরা তাদের অবশিষ্ট পাওনা পরিশোধের জন্য কারখানা কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে গত কয়েকদিন ধরে আন্দোলন করে আসছে। কিন্তু কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের পাওনা পরিশোধে একাধিকবার আশ্বাস দিলেও তা পরিশোধ করেননি। এতে শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে।

কারখানার ট্যাঙ্কির পানি খেয়ে কিছু শ্রমিক অসুস্থ ও মৃত্যুর গুজবে রবিবার (২৩ সেপ্টেম্বর) শ্রমিকরা রাস্তায় নেমে পড়েন। উত্তেজিত হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় সাড়ে চার ঘন্টা অবরোধ করে গাড়িসহ আশে পাশের কয়েকটি কারখানা ও দোকানপাট ভাঙচুর করেন তারা। এসময় শ্রমিকদের বাধা দিলে তাদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে পুলিশ শর্টগানের গুলি ও টিয়ারশেল ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রমিকদের আন্দোলনের মুখে ওইদিন ঢাকায় শ্রমিক প্রতিনিধি, মালিক ও বিজিএমইএ কর্মকর্তারা বৈঠকে বসেন। বৈঠকে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ও শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা ২৮ সেপ্টেম্বর পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়। এজন্য ওই দিন সকালে শ্রমিকদের ঢাকার বিজিএমইএ কার্যালয়ে যেতে অনুরোধ জানানো হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, সম্প্রতি এই পোশাক কারখানাটির ব্যবস্থাপনা পরিচালকের মৃত্যু হয়। এরপর কারখানাটি অর্থনৈতিক সংকটে পড়ে। এ কারণে শ্রমিকদের পাওনাদি পরিশোধে বিঘ্ন ঘটে। এরই জের ধরে শ্রমিক অসন্তোষ দেখা দেয়।