টাঙ্গাইলে ১১৮৮টি মণ্ডপে চলছে দুর্গা পূজার প্রস্তুতি

 

মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতিটাঙ্গাইলের ১২টি উপজেলায় এবার এক হাজার ১৮৮টি মণ্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। প্রতিদিন একটু একটু করে প্রতিমার অবয়ব ফুটিয়ে তুলছেন তারা।

সরেজমিনে দেখা যায়, বিভিন্ন মন্দিরে ভাস্কর্য শিল্পীদের মূর্তি তৈরির কাজ চলছে বিরতিহীনভাবে। নির্দিষ্ট সময়ের মধ্যে সবকিছু শেষ করতে শিল্পীরা কাজ করছেন ভোর থেকে গভীর রাত পর্যন্ত। ইতোমধ্যে সব মন্দিরে প্রতিমা তৈরির মূল উপাদান মাটি ও খড় দিয়ে তৈরি করা হয়ে গেছে প্রতিমার কাঠামো। এখন চলছে মন্দিরের প্রতিমায় রং তুলির আঁচড়। সবকিছু মিলিয়ে জেলার পূজা মণ্ডপগুলোতে চলছে শারদীয় আমেজ।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি আনন্দ মোহন দে বলেন, গত বছর জেলায় ১০৩১টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়। এবার ১হাজার ১৮৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যই প্রতিমা তৈরির মূল কাজ শেষ হয়েছে। এখন প্রতিমায় রং-তুলির আঁচড়ের কাজ চলছে। আশা করছি অন্যান্য বছরের মতই শান্তিপূর্ণভাবে পূজা শেষ করতে পারবো।

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, ‘পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলার বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। পুলিশের পাশাপাশি আনসার সদস্যরাও দায়িত্ব পালন করবেন। এ ছাড়াও মোবাইল টিম ও সাদা পোশাকে আইনশৃঙ্খলার বাহিনীর সদস্যরা কাজ করবে।’