মানিকগঞ্জে ৫ দিনে ৪৪ জেলের দণ্ড

জব্দ জাল পোড়ানো হয়ইলিশ ধরার নিষেধাজ্ঞার ৫দিনে মানিকগঞ্জের পদ্মা ও যমুনা নদীতে পৃথক ৬৫টি অভিযান চালিয়ে  ৪ লাখ ৫৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ ১ হাজার ৭৪৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।  এছাড়া ৪০ জন মৎস্যজীবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করা হয়েছে।  জেলা মৎস্য কর্মকর্তা ড. মনিরুজ্জামান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন।

জেলা মৎস্য কর্মকর্তা জানান, গত ৭ অক্টোবর থেকে অভিযান শুরু হয়। ১১ অক্টোবর পর্যন্ত জেলার শিবালয়, দৌলতপুর ও হরিরামপুর এলাকার  পদ্মা ও যমুনা নদীতে স্থানীয় উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহায়তা মৎস্য বিভাগ ৪৫টি মামলা দায়ের করে।  সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসাররা ১৬টি মোবাইল কোর্ট করে চার জনকে ১ বছর করে জেল, ৭ জনকে এক মাসের জেলসহ ৪০জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন। এছাড়া আটকদের মধ্যে চারজন মৎস্যজীবীর বয়স অপ্রাপ্ত থাকায় তাদের ৫ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

জেলা মৎস্য কর্মকর্তা জানান, শিবালয়, হরিরামপুর ও দৌলতপুর উপজেলা মৎস্য অফিসের সকল কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে। তারা সরকারের এই পদক্ষেপকে বাস্তবায়ন করতে সার্বক্ষণিক পদ্মা ও যমুনা নদীতে টহলে নিয়োজিত রয়েছেন।

ভ্রাম্যমাণ আদালতের আরও খবর: মুন্সীগঞ্জে ৪১ জেলের দণ্ড