আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

 

নারায়ণগঞ্জনারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালিবাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাকির হোসেন (৫০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় এ দুর্ঘটনা ঘটে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

জাকির হোসেন কালিবাড়ির গিরদা তেলীপাড়া এলাকার মৃত আম্বর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, ১১টার দিকে সামির আলীর মালিকানাধীন একটি টিনশেড ঘরের খুঁটিতে বিদ্যুৎ দিয়ে অ্যাঙ্গেল জোড়া লাগানোর কাজ করছিলেন জাকির। এসময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে হঠাৎ তিনি নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে রূপগঞ্জের গাউছিয়া এলাকার একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ওসি মুহাম্মদ আবদুল হক জানান, কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে জাকির হোসেন নিচে পড়ে আঘাতপ্রাপ্ত হন। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।