আশুলিয়ায় শ্রমিক নিহত, ১৪ গাড়িতে আগুন

আশুলিয়ায় গাড়িতে আগুনআশুলিয়ার ডিইপিজেড নতুন জোনে গাড়িচাপায় লিসন (২৬) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় ১৪টি গাড়িতে অগ্নিসংযোগ করেছে শ্রমিকরা। এসময় তারা মহাসড়কে চলমান আরও প্রায় দশটি গাড়িতে ভাঙচুর চালিয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। রবিবার সন্ধ্যা ৭টার দিকে আশুলিয়ার ডিইপিজেড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিক শান্তা ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে পোশাক কারখানায় কাজ করতেন।

আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ বলেন, ‘আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তবে, উত্তেজিত শ্রমিকরা ফায়ার সার্ভিসের কর্মীদের ভেতরে প্রবেশে বাধা দেওয়ায় আগুন নেভাতে দেরি।’

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দীপু বলেন, ‘শ্রমিক নিহতের প্রতিবাদে কিছু শ্রমিক গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত শ্রমিকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

শ্রমিক ও পুলিশ সূত্র জানায়, রবিবার সন্ধ্যায় কারখানা ছুটির পর শ্রমিকরা বাড়ির উদ্দেশে রওনা হয়। এসময় ডিইপিজেডের ভেতরে সড়কে একটি গাড়ি শান্তা গার্মেন্টের দুই শ্রমিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। নিসিতা নামের আরও এক শ্রমিক আহত হন। এ খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা উত্তেজিত হয়ে ডিইপিজেডের ভেতরে পার্কিং করে রাখা কভার্ডভ্যানসহ ১১টি গাড়িতে অগ্নিসংযোগ করে। এসময় শ্রমিকরা নবীনগর-কালিয়াকৈর মাহসড়কে আরও তিনটি গাড়িতে আগুন দেয়। এছাড়াও মহাসড়কে চলমান আরও প্রায় ১০টি গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালায়। এতে নবীনগর-কালিয়াকৈর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।