শরীয়তপুরে আগুনে পুড়ে দুজনের মৃত্যু, ১৩ দোকান ভস্মিভূত

আগুনে দোকান পুড়ে ছায়শরীয়তপুরের পালং উত্তর বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে একটি মিষ্টির দোকানের দুই কর্মচারীর মৃত্যু হয়েছে। তারা হলেন—পলাশ বৈরাগী ও বিশ্বজিত সরকার। পুড়ে গেছে ১৩টি দোকান। শুক্রবার (৩০ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে পালং উত্তর বাজারের হারু ঘোষের মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে এসেছে। শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে আগুন লাগার পর তা দ্রুত পাশের লেপ-তোষকের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময়ের মধ্যে ১১টি দোকান পুরোপুরি ও দুটি দোকান আংশিক পুড়ে যায়। আগুনে মিষ্টি ব্যবসায়ী গোপাল ঘোষের দোকানের দুই কর্মচারী ভেতরে আটকে পড়ায় তাদের মৃত্যু হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক এবিএম মমতাজ উদ্দিন আহমেদ বলেন, ‘ভোর পৌনে ৫টার দিকে একটি মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক টিম স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।’

শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান শেখ বলেন, ‘আগুনে দুই জনের মৃত্যু হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি।’