শ্রীপুরে ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আটক

আটকগাজীপুর-৩ (শ্রীপুর-মির্জাপুর- পিরুজালী-ভাওয়ালগড়-) আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী গণফোরোমের ইকবাল সিদ্দিকীর (ধানের শীষের) নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক পীরজাদা মাওলানা এস এম রুহুল আমীনকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। শুক্রবার (১৪ ডিসেম্বর) উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা এলাকা থেকে তাকে আটক করা হয়। রুহুল বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল ও শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি।

পীরজাদা রুহুল আমীনের ছেলে গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক নাহীন আহমেদ মমতাজী জানান, শুক্রবার উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা এলাকায় ধানের শীষের নির্বাচনি গণসংযোগ ছিল। গণসংযোগ শেষে ফেরার পথে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ওই এলাকা থেকে পুলিশ তার বাবাকে আটক করে থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে কোনও মামলা নেই বলে তিনি জানান।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম জানান, পীরজাদা রুহুল আমীনের বিরুদ্ধে আইগে অনেক মামলা ছিল তাই সার্বিক বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় আনা হয়েছে।