সোনারগাঁওয়ে যানবাহনে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেফতার

গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে যানবাহনে ডাকাতির প্রস্ততিকালে দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক ব্রিজ থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার (ওসি) মোরশেদ আলম।

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের মুগারচর গ্রামের মিছির আলীর ছেলে মো. নোমান (২৪) ও মোগরাপাড়া ইউনিয়নের নানআলাপদী গ্রামের আমিনুল ইসলামের ছেলে আহসানউল্লাহ (২৭)।

সোনারগাঁও থানার ওসি মোরশেদ আলম জানান, উপজেলার মোগড়াপারা ইউনিয়নের কাইকারটেক ব্রিজ এলাকায় গত শনিবার গভীর রাতে ৮-১০ জনের একটি ডাকাত দল বিভিন্ন যাত্রীবাহী বাসের গতিরোধ করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে নোমান ও আহসানউল্লাহকে গ্রেফতার করে। অপর ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ধরে ডাকাতির করার কথা স্বীকার করেছে। বিশেষ করে তারা শীত মৌসুমে গভীর রাতে যানবাহনে হানা দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে এবং মারধর করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।