মুকসুদপুরে গণপিটুনিতে আহত ‘ডাকাত’ সদস্যের মৃত্যু

গোপালগঞ্জগোপালগঞ্জের মুকসুদপুরে গণপিটুনিতে দ্বীন ইসলাম (৪৫) নামে আহত এক ‘ডাকাত’ সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ ফেব্রুয়ারি) মুকসুদপুর ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় সে মারা যায়। মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল পাশা মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) ভোরে মুকসুদপুরের দিগনগর গ্রামে ডাকাতির সময় তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মনিম উল হাবীব জানান, আহত ‘ডাকাত’ সদস্যর অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য সকাল সাড়ে আটটার সময় গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপতালে রেফার করা হয়। গোপালগঞ্জে পাঠানোর সময় বেলা ১১টার দিকে সে মারা যায়।

উল্লেখ্য, স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার ভোরে মুকসুদপুরের দিগনগর গ্রামে ডাকাতি করতে যায় এই দুজন। এসময় এলাকাবাসী তাদের ধরে ফেলে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার শৈলখোলা গ্রামের বাবুল শেখের ছেলে দ্বীন ইসলাম ওরফে দিনু (৪৫) এবং একই গ্রামের এসকেন ফকিরের ছেলে বাশার ফকিরকে (৪০) ওই দিন গণপিটুনি দিয়ে পুলিশে দেওয়া হয়। শুক্রবার চিকিৎসাধীন থাকা অবস্থায় দ্বীন ইসলামের মৃত্যু হয়।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল পাশা জানান, শনিবার (২ ফেব্রুয়ারি) লাশের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হবে এবং ময়নাতদন্ত শেষে তার লাশ আত্মীয় স্বজনের কাছে বুঝিয়ে দেওয়া হবে।