রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে পা আটকে যুবকের মৃত্যু

নরসিংদীট্রেনের দরজায় বসে যাওয়ার সময় অসাবধানতাবশত নরসিংদী রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে পা আটকে মো. সেবুল মিয়া (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৪ ফেব্রুয়ারি) বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেবুল মিয়া সুনামগঞ্জের তাহিরপুরের আবদুর রহমানের ছেলে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শাহ আলম মিয়া বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি নরসিংদী রেলওয়ে স্টেশন অতিক্রম করার পর, আমরা যুবকের কাটা পড়া নিথর দেহ দেখতে পাই। পরে খোঁজ নিয়ে জানতে পারি, যুবকটি ট্রেনের একটি বগির দরজায় বসে যাচ্ছিল। এসময় তার পা প্লাটফর্মে আটকে গেলে দুর্ঘটনাটি ঘটে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্যে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি।’