অগ্রণী ব্যাংকের ম্যানেজারসহ ১২ কর্মী হঠাৎ অসুস্থ্

Gopalganj Agrani Bank Photo-06(06.02.2019) (1)অগ্রণী ব্যাংকের কোটালীপাড়া শাখার ম্যানেজারসহ ১২ কর্মকর্তা-কর্মচারী হঠাৎ অসুস্থ্ হয়ে পড়েন। পরে তারা কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নেন। এর মধ্যে সাত জন কর্মকর্তা-কর্মচারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ৫ জন কর্মকর্তা-কর্মচারীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক জানিয়েছেন, প্রাথমিকভাবে কোনও গ্যাসে আক্রান্ত হয়ে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা অসুস্থ্য হয়েছেন বলে মনে করা হচ্ছে। এখন পর্যন্ত ব্যাংক থেকে কিছু খোয়া গেছে কি না তা জানা যায়নি।
অগ্রণী ব্যাংকের গোপালগঞ্জ অঞ্চলের সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার হিরণ্ময়য় মজুমদার ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, ‘খবর পেয়ে আমরা গোপালগঞ্জ থেকে কোটালীপাড়ায় যাই। ব্যাংকের ভেতরে জেনারেটর চলছিল। জেনারেটর থেকে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়ে এ ঘটনা ঘটে থাকতে পারে।’
বুধবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে হঠাৎ করেই ব্যাংকের ম্যানেজারসহ কর্মকর্তা-কর্মচারীরা অসুস্থ্ হয়ে পড়তে থাকেন। ঘটনার সময় গার্ড মধুসূদন কিছুটা সুস্থ্ ছিলেন। তখন তার চিৎকারে পার্শ্ববর্তী সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা এসে অগ্রণী ব্যাংকের অসুস্থ্ হয়ে পড়া কর্মীদের হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন।
কোটালীপাড়া হাসপাতালে ভর্তি হতে হয়েছে ব্যাংকের ম্যানেজার স্বপন মালাকার (৫০), কর্মকর্তা রিপন বাড়ৈ (৩৩), ক্যাশ কর্মকর্তা তন্ময় বিশ্বাস (৩২), মিল্টন মণ্ডল (৩৩), গার্ড মধুসূদন স্বর্ণকার (২৫), মহান্দ রায় (৩৫), উজ্জ্বল বৈদ্যকে (২২)।
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রেমানন্দ মণ্ডল জানিয়েছেন, ‘অগ্রণী ব্যাংকের ১২ কর্মকর্তা-কর্মচারী অসুস্থ্ হয়ে হাসপাতালে আসেন। এদের মধ্যে ৫ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৭ জনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।’