তৃতীয় দফায় উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহনের জন্য গোপালগঞ্জের ৫টি উপজেলার কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনি মালামাল।
শনিবার সকালে গোপালগঞ্জ সুইমিং পুল ও জিমনেসিয়াম থেকে সদর উপজেলার ১১৪টি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে ইভিএম মেশিন, অমোচনীয় কালি, ভোটার লিস্ট ও ব্যানারসহ নির্বাচনি সামগ্রী বিতরণ করা হচ্ছে।
এছাড়াও জেলার বাকি চারটি উপজেলায় ব্যালট পেপার, অমোচনীয় কালি, সিল, স্বচ্ছ ব্যালট ব্যাক্সসহ নির্বাচনি উপকরন প্রিজিইডিং কর্মকর্তাদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। তারা এসব উপকরণ নিয়ে অন্যান্য কর্মকর্তা ও নিরাপত্তা কর্মীদের সঙ্গে নিয়ে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছেন। এর আগে এসব মালামাল উপজেলাগুলোয় পাঠানো হয়।
আগামীকাল (২৪ মার্চ) তৃতীয় ধাপে গোপালগঞ্জের ৫টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এরমধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় ইভিএম পদ্ধতিতে ভোট অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে জেলার ৫টি উপজেলা থেকে ৬৭ জন প্রার্থী প্রতিদ্বিন্দ্বিতা করছেন।
জেলার ৫টি উপজেলার ৩৮৮টি কেন্দ্রে ৮ লাখ ৮০ হাজার ৯৪৫ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনকে কেন্দ্র করে জেলার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার হয়েছে।