গাছের সঙ্গে বাইসাইকেলের ধাক্কা, স্কুলছাত্রের মৃত্যু

সড়ক দুর্ঘটনারাজবাড়ী জেলা সদরের রামকান্তপুর ইউনিয়নের কাজীবাধা এলাকায় বাইসাইকেল চালাতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মুশফিক (১০) নামে তৃতীয় শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (৩ এপ্রিল) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মুশফিক জেলা সদরের রামকান্তপুর ইউনিয়নের কাজীবাধা এলাকার ২ নম্বর ওয়ার্ডের আব্দুল কুদ্দুস লাল মিয়ার ছেলে। সে কাজীবাধা নতুনপাড়া ব্র্যাক স্কুলের ছাত্র।

মুশফিকের চাচা মো. ইদ্রিস বলেন, ‘মুশফিক সকালে বাড়ির এলাকায় বাইসাইকেল চালাচ্ছিল। এ সময় সে হঠাৎ একটি আম গাছের ডালের সঙ্গে আঘাত পেয়ে অসুস্থ হয়ে পড়ে। তাকে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানেই তার মৃত্যু হয়।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. এস এম তারেক আনাম জানান, বুকে ব্যাথা নিয়ে শিশুটি হাসপাতালের জরুরি বিভাগে আসে। দ্রুত এক্স-রে করা হয়। পরে শ্বাস-প্রশ্বাসে অস্বাভাবিকতা দেখা দেয়। পাশাপাশি মস্তিস্কে আঘাতের লক্ষণ প্রকাশ পায়। উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে রেফার্ড এর আগেই তার মৃত্যু হয়।