গোপালগঞ্জে নিখোঁজের দুই মাসেও সন্ধান মেলেনি শিশির তালুকদারের

গোপালগঞ্জ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিখোঁজের দুই মাসেও সন্ধান মেলেনি শিশির তালুকদারের (৩২)। নিখোঁজের সময় শিশির তালুকদারকে যারা ফোন করে নিয়ে গেছে তাদের নামে আদালতে মামলা করেও কোনও সুরাহা হয়নি। স্বামী হারিয়ে দুই সন্তানের জননী সুলতা তালুকদার দ্বারে দ্বারে ঘুরছে। তিনি জিডি করেছেন। তিনি এ ব্যাপারে সুষ্ঠু তদন্তসহ স্বামীর সন্ধান চান। তবে পুলিশ বলছে তদন্ত  চলছে।

নিখোঁজ শিশির তালুকদারের স্ত্রী সুলতা তালুকদার জানান, গত ৭ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার স্বামী একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে তিনি স্বামীর মোবাইলে বার বার ফোন করে কোনও কথা বলতে পারেনি এবং তার স্বামীও আর বাড়ি ফিরে আসেনি। পরে তিনি জানতে পারেন তার স্বামী ও মুকুল গাইনকে ওই রাতে পাশের ভাঙার হাঁট বাজার চায়ের দোকানে দেখা গেছে।

তিনি আরও বলেন,‘এরপর আমরা কোটালীপাড়া থানায় ১০ মার্চ একটি সাধারণ ডায়রি করি এবং গোপালগঞ্জ সিনিয়র জ্যুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করি। মামলাটি বর্তমানে কোটালীপাড়া থানার ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান-এর তদন্তাধীন আছে। আমাদের ধারণা মুকুল গাইন ও তার লোকজন আমার স্বামীকে পাওনা টাকা না দেওয়ার জন্য কোনও অজ্ঞাত স্থানে আটকে রেখেছে বা হত্যা করেছে। আমি আমার স্বামীর সন্ধ্যান চাই।’

বিষয়টি নিয়ে কথা হলে ‘অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল)মো. সানোয়ার হোসেন বলেন,‘আমরা নিখোঁজ শিশির তালুকদারের সন্ধান করছি, আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। তবে শিশিরের স্ত্রী যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন তারা এ ঘটনার সঙ্গে জড়িত নয়। প্রাথমিক তদন্তে তাই মনে হয়েছে। আশা করছি দ্রুত আমরা শিশিরের সন্ধান পাবো।