গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের সাবেক নেতা নিহত

লাশ

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ মেজবাহ উদ্দিন (৩৮)নিহত হয়েছেন। রবিবার সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার তিলছড়ায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় পিক-আপ ভ্যানের ড্রাইভার ও হেলপার আহত হয়েছেন। তাদের গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত মেজবাহ উদ্দিন গোপালগঞ্জ জেলা শহরের মৌলভীপাড়া এলাকার শেখ মো. হুমায়ুন কবিরের ছেলে। সে জেলা সদরে ডিজেল, পেট্রোল ও মবিল ব্যবসা করতেন।

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. মাহফুজুর রহমান জানিয়েছেন, কাশিয়ানী উপজেলার তিলছাড়া বাজারে মবিল বিক্রি করে লিংক রোড দিয়ে ঢাকা-খুলনা মহাসড়কে ওঠার সময় ঢাকাগামী হামীম পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের পিক-আপ ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিক-আপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে উল্টে যায়। এসময় শেখ মেজবাহ উদ্দিন এবং পিক-আপ ভ্যানের ড্রাইভার ও হেলপার আহত হন।

গুরুতর আহত শেখ মেজবাহ উদ্দিনকে প্রথমে গোপালগঞ্জ সদর হাসপাতালে পরে অবস্থার অবনতি হলে খুলনা নেওয়ার পথে তিনি মারা যান।

এঘটনায় গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের সভাপতি এস এম দ্বীন ইসলাম ও সাধারণ সম্পাদক নিউটন মোল্লা শোক জানিয়েছেন।