ঈদ শেষে ফেরার পথে ফেরি থেকে পদ্মায় পড়ে বৃদ্ধ নিখোঁজ

ফেরি

ঈদ শেষে ঢাকা ফেরার পথে দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি থেকে পদ্মা নদীতে পড়ে আমজাদ গাজী (৮৫) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। রবিবার (৯ জুন) এ ঘটনা ঘটে। আমজাদ গাজী গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার রামদিয়া কলেজপাড়া এলাকার বাসিন্দা। পরিবারের সদস্যদের সঙ্গে তিনি ঢাকায় ফিরছিলেন।

আমজাদ গাজীর নাতি আসলাম উদ্দিন গাজী জানান, দাদাসহ তারা পরিবারের সবাই ঢাকায় থাকেন। ঈদ করতে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। রবিবার সাউদিয়া পরিবহনে করে ঢাকা ফিরছিলেন। সকাল ১০টার দিকে তাদের বাসটি শাহ মখদুম ফেরিতে ওঠে। এরপর তার মা-বাবা, দাদাসহ পরিবারের লোকজন ফেরিতে নামেন। তার বাবা দাদার জন্য পান আনতে যান। দাদা সবার অগোচরে ফেরির রেলিংয়ের কাছে যান এবং কিছু বুঝে ওঠার আগেই তিনি নদীতে পড়ে যান।

ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্য খাদেমুল ইসলাম বলেন, ‘স্থানীয় জেলেদের সহায়তায় আমরা নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।’

এ ব্যাপারে শাহ মখদুমের ফেরির সহকারী মাস্টার মনিরুজ্জামান বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না।

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ওসি লাবু মিয়া জানান, উদ্ধার তৎপরতায় দৌলতদিয়া ও আরিচা নৌপুলিশ যৌথভাবে সহযোগিতা করছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া যাবে।