গোপালগঞ্জে বিরল প্রজাতির ৪টি গন্ধগোকুলের বাচ্চা উদ্ধার

বন্যপ্রাণী রক্ষা, উদ্ধার ও পুর্নবাসন কেন্দ্রের কাছে গন্ধগোকুলের বাচ্চাগুলো হস্তান্তর করেন গোপালগঞ্জ বন বিভাগ

গোপালগঞ্জে বিরল প্রজাতির ৪টি গন্ধগোকুলের বাচ্চা উদ্ধার করেছে এলাকাবাসী। বুধবার বিকেলে সদর উপজেলার ঘোষেরচর মধ্যপাড়া থেকে গোপালগঞ্জ বন বিভাগ ওই বাচ্চাগুলো উদ্ধার করে।

বৃহস্পতিবার দুপুরে খুলনার বন্যপ্রাণী রক্ষা, উদ্ধার ও পুর্নবাসন কেন্দ্রের কাছে গন্ধগোকুলের বাচ্চাগুলো হস্তান্তর করা হয়।

এর আগে বৃহস্পতিবার খুলনা থেকে ৬ সদস্যের একটি দল উদ্ধার হওয়া বাচ্চাগুলো নিতে গোপালগঞ্জে আসেন।

খুলনা বন্যপ্রাণী রক্ষা, উদ্ধার ও পুর্নবাসন কেন্দ্রের ফরেস্টার মো. মামুন আর রশীদ জানান, উদ্ধার হওয়া প্রাণীগুলো গন্ধগোকুলের বাচ্চা। বাচ্চাগুলো বয়স ২৫ থেকে ৩০ দিন হবে। এগুলো খুলনার বন্যপ্রাণী রক্ষা, উদ্ধার ও পুর্নবাসন কেন্দ্রে নিয়ে লালন-পালন করা হবে। এগুলো বড় হওয়ার পর উপযুক্ত পরিবেশে ছেড়ে দেওয়া হবে।

তিনি আরও জানান, গন্ধগোকুল একটি নেশাচর প্রাণী। এরা জনবহুল এলাকার তালসহ বিভিন্ন গাছে থাকে। এরা রাতের বেলা খাদ্য সংগ্রহের জন্য শিকারে বের হয়। এগুলো সাধারণত কবুতর ও মুরগীর বাচ্চা শিকার করে বেঁচে থাকে।

গোপালগঞ্জ বন বিভাগের ফরেস্টার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান জানান, উদ্ধার হওয়ায় প্রাণীগুলো শহরতলীর ঘোষেরচর মধ্যপাড়া এলাকা থেকে উদ্ধার করা হয়।

উল্লেখ্য, সদর উপজেলার ঘোষেরচর মধ্যপাড়া গ্রামের একটি তাল গাছে ভিন্ন সুরের প্রাণীর ডাক শুনতে পায় অপুর্ব দাসসহ কয়েকজন কিশোর। পরে তারা ৫/৬ জন বন্ধু মিলে ওই তাল গাছ থেকে ৪টি গন্ধগোকুলের বাচ্চা নিচে নামিয়ে আনে।

এ সময় বাচ্চাগুলো দেখার জন্য স্থানীয়রা ভিড় জমায়। পরে সংবাদ পেয়ে গোপালগঞ্জ বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে গন্ধগোকুলের বাচ্চাগুলো উদ্ধার করে নিজ হেফাজতে নিয়ে আসেন।