নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক হওয়া শিক্ষক আশরাফুল আরিফ ও মদদদাতা আরেক শিক্ষক রফিকুল ইসলাম জুলফিকারের বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২৮ জুন) বিকালে সিদ্ধিরগঞ্জ থানায় এ দুই মামলা দায়ের করা হয়। র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
সিদ্ধিরগঞ্জ থানা সূত্র জানায়, আশরাফুল আরিফের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে ঘটনার শিকার বিভিন্ন ছাত্রীর পরিবারের পক্ষ থেকে। আর ডিজিটাল নিরাপত্তা আইনে অন্য একটি মামলা দায়ের করেছে র্যাব। এ মামলায় রফিকুল ইসলাম জুলফিকারকেও আসামি করা হয়েছে।
মো. আলেপ উদ্দিন বলেন, ‘আশরাফুল আরিফের মোবাইল ফোন ও ল্যাপটপসহ বিভিন্ন ডিভাইস জব্দ করা হয়েছে। এতে ২০ জনের বেশি ছাত্রীকে ধর্ষণ ও যৌন নির্যাতনের প্রমাণ পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশরাফুল আরিফও ধর্ষণের কথা স্বীকার করেছে। আরও তথ্য উদঘাটনের জন্য আসামিদের আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন। আগামীকাল তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হবে।’
২০ জন শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গতকাল বুধবার সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি এলাকা থেকে আশরাফুল আরিফ ও রফিকুল ইসলাম জুলফিকারকে আটক করে র্যাব।
আরও পড়ুন–
২০ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক