আ.লীগ নেতাসহ দুই জনকে মারধর ও গাড়ি ভাঙচুর

কুমার চক্রবর্তী ও তার বন্ধু ব্যবসায়ী মো. আলাউদ্দিন মিয়া

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ্ত কুমার চক্রবর্তী ও তার বন্ধু ব্যবসায়ী মো. আলাউদ্দিন মিয়াকে সন্ত্রাসীরা হাতুরি দিয়ে পিটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দৌলতদিয়া-কুষ্টিয়া মহা সড়কের রাজবাড়ী জেলার জমিদার ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। হামলায় মো.আলাউদ্দিনের বাম হাত ও কাঁধ ভেঙে গেছে। সন্ত্রাসীরা এসময় তাদের প্রাইভেট কারটিও ভাঙচুর করে।

এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) এজাজ শফি জানান, ঘটনাটি শুনেছি। তবে এখনও কোনও লিখিত অভিযোগ আসেনি। পুলিশ বিষয়টি খোঁজ খবর নিচ্ছে।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ্ত কুমার চক্রবর্তী বলেন,‘জেলা আওয়ামী লীগ থেকে সাংগঠনিক দায়িত্ব দিয়ে আমাকে গোয়লন্দ পাঠানো হয়েছিল। আমি গোয়ালন্দ পৌরসভার ২নং ওয়ার্ডের দ্বিবার্ষিক কাউন্সিল শেষ করে বাড়িতে ফিরছিলাম। এসময় আমার বন্ধু মো. আলাউদ্দিনও আমার সঙ্গে ছিলেন। আমাদের গাড়িটি জমিদার ব্রিজের কাছে পৌঁছালে ৮/১০টি মোটরসাইকেল নিয়ে একদল সন্ত্রাসী আমাদের পথ রোধ করে। পরে তারা লোহার হাতুরি দিয়ে গাড়ির কাঁচ ভেঙে ফেলে। এসময়  সন্ত্রাসীরা হাতুরি দিয়ে আমার হাত ও বুকসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারি আঘাত করে।’ 

তিনি আরও  বলেন, সন্ত্রাসীদের সবার মাথায় হেলমেট থাকার কারণে কাউকে চিনতে পারিনি।

বর্তমানে তারা রাজবাড়ীর একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন আছেন। খবর পেয়ে জেলা ও পৌর আওয়ামী লীগ এবং ছাত্রলীগ নেতারা তাকে দেখতে যান। গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে তার স্বজনরা জানান।