বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে গাজীপুরের বাহাদুরপুরে ম্যাকডোনাল্ড স্টিল স্ট্রাকচার ফেব্রিকেশন ফ্যাক্টরির উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। কৃষি জমির ওপর শিল্প কারখানা নির্মাণ নিরুৎসাহিত করা হচ্ছে বলেও এ সময় জানান শিল্প প্রতিমন্ত্রী।
শিল্প প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ এখন বিশ্বমানের পণ্য উৎপাদন করছে। বিদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশি শিল্পপ্রতিষ্ঠান। খুব শিগগিরই বাংলাদেশি পণ্য বিশ্ববাজারে নেতৃত্ব দেবে।’
কামাল আহমেদ মজুমদার বলেন, ‘দেশীয় শিল্পসমূহকে সুরক্ষা দিতে সরকার তৎপর রয়েছে, যেন তারা আন্তর্জাতিক বাজারে এগিয়ে যেতে পারে। এ জন্য আমদানি করা বিভিন্ন পণ্যের ওপর ট্যাক্স আরোপ করা হয়েছে।’ তিনি বলেন, ‘এই সরকারের নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি দ্রুত বিকশিত হচ্ছে। বিনিয়োগের নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হচ্ছে।’ শিল্প প্রতিমন্ত্রী এসব খাতে ম্যাকডোনাল্ডসহ অন্যান্য স্বনামধন্য দেশি ও বিদেশি প্রতিষ্ঠানকে বিনিয়োগের আহ্বান জানান।
নবনির্মিত এই স্টিল ফ্যাক্টরিতে ঢাকা মেট্রোরেলের স্টেশনসমূহের স্টিল স্ট্রাকচার নির্মাণ করা হবে। ম্যাকডোনাল্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সরোয়ার কামাল, গ্রুপ সিইও সৈয়দ ফিরোজ আহমেদ, সিইও সৈয়দ আহমেদ ও ঢাকা মেট্রোরেলের কন্ট্রাক্টর প্রতিষ্ঠান নুপাসপাথ এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে শিল্প প্রতিমন্ত্রী বলেন, ‘১০০টি অর্থনৈতিক অঞ্চল ও নতুন নতুন শিল্পনগরী স্থাপন করে সেখানে পর্যায়ক্রমে শিল্পকারখানা স্থাপন করা হবে।’
ম্যাকডোনাল্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সরোয়ার কামাল বলেন, ‘ঢাকা মেট্রোরেলের ১৬টি স্টেশনের স্ট্রাকচারের ১২টি এই প্রতিষ্ঠান নির্মাণ করবে। ইতোমধ্যে তিনটি স্টেশনের স্ট্রাকচারের কাজ শেষ হয়েছে।’ জাপানের একটি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগে চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ১০০ একর জমির ওপর একটি বৃহৎ স্টিল কারখানা নির্মাণের কাজ শুরু বলেও জানান তিনি।
এর আগে শিল্প প্রতিমন্ত্রী ম্যাকডোনাল্ড স্টিল স্ট্রাকচার ফেব্রিকেশন ফ্যাক্টরির ফলক উন্মোচন করেন এবং বাটন চেপে স্টিলের পাইপ কাটিংয়ের মাধ্যমে এই ফ্যাক্টরির উদ্বোধন করেন। তিনি কারখানায় স্থাপিত ইউরোপ ও আমেরিকা থেকে আমদানিকৃত হেভি ডিউটি বেন্ডিং মেশিন ও থ্রিডি পাইপ কাটিং মেশিনসহ অন্যান্য অত্যাধুনিক যন্ত্রপাতির কার্যক্রম পরিদর্শন করেন এবং এসব যন্ত্রপাতির সক্ষমতা ও দক্ষতায় সন্তোষ প্রকাশ করেন।