নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, শুক্রবার (২৬ জুলাই) দুপুর থেকে রিতুল নিখোঁজ ছিল। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার চার বন্ধুকে আটক করা হয়েছে। রিতুল ঘোষ নগরীর দেওভোগের বাসিন্দা দুলাল ঘোষের ছেলে। সে একই এলাকার বিদ্যাকেতন উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও রিতুল ঘোষের স্বজনরা জানায়, শুক্রবার সকালে রিতুল ঘোষ বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়। এরপর থেকে নিখোঁজ হয়। সারারাত অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। শনিবার দুপুরে জাহাজের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ওসি কামরুল ইসলাম বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তারা কয়েক বন্ধু মিলে নদীর পাড়ে ঘুরতে গিয়েছিল। পরে তারা ঘাটে নোঙর করা জাহাজের ওপর ওঠে। এরপর থেকে সে নিখোঁজ ছিল। এ ঘটনায় চার বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। লাশের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।