স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেছেন, ‘ডেঙ্গু এডিস শ্রেণির মশা। এ মশা সিঙ্গাপুর, ব্যাংকক, কলকাতা শহরে দেখা যাচ্ছে। বাংলাদেশ যখন উন্নত হতে যাচ্ছে, তখন ডেঙ্গু এসেছে। যত অর্থনৈতিক উন্নয়ন ঘটছে, মানুষ তত নানা রোগে আক্রান্ত হচ্ছে।’
বৃহস্পতিবার (৮ আগস্ট) গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
স্বপন ভট্টাচার্য বলেন, ‘দেশ যত উন্নত হবে, মানুষের সমস্যা তত বাড়বে। যেদেশ যত উন্নত হচ্ছে, সেদেশে তত রোগের প্রভাব বৃদ্ধি পাচ্ছে।’
কোটালীপাড়া বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লি উন্নয়ন একাডেমির (বাপার্ড) মহাপরিচালক শেখ মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে প্রতিষ্ঠানটির পরিচালক (প্রশাসন) ড. আলমগীর হোসেন, প্রকল্প পরিচালক মাহামুদুন্নবী, কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মাহফুজুর রহমান বক্তব্য রাখেন।