সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু

টাঙ্গাইল

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জমেলা বেগম (৩৮) ও তার মেয়ে সুমাইয়া আক্তারের (১০) মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) বিকালে উপজেলার কালিয়া ইউনিয়নের কুতুবপুর বিন্নরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সখীপুর থানার ওসি আমির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত জমেলা বেগম কালিয়া ইউনিয়নের কুতুবপুর বিন্নরীপাড়া গ্রামের কৃষক নূর মোহাম্মদের স্ত্রী।

স্থানীয় ইউপি সদস্য মজিবুর রহমান ফকির জানান, আজ (শুক্রবার) বিকাল ৫টার দিকে জমেলার মেয়ে সুমাইয়া বাড়ির উঠানে বিদ্যুতের তারের সঙ্গে লাগানো জিআই তারে ভেজা কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় মেয়ের চিৎকারে তাকে উদ্ধারে এসে মাও বিদ্যুৎস্পৃষ্ট হন। এ ঘটনা দেখে মা ও বোনকে উদ্ধারে জমেলার বড় মেয়ে আরিফা আক্তার এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জমেলা বেগম ও তার ছোট মেয়ে সুমাইয়া আক্তারকে মৃত ঘোষণা করেন।