মানিকগঞ্জে হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আদালত

মানিকগঞ্জের রতন হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে আসামিদের উপস্থিতিতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শাহানা হক সিদ্দিকী এ রায় দেন। এপিপি মথুর নাথ সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, ২০১০ সালে ৯ মার্চ রাতে মানিকগঞ্জ সদর উপজেলার হিজুলী গ্রামে বিশু মিয়ার ছেলে বসুন্ধরা স্টিল মিলের শ্রমিক রতন (২২) খুন হন। রতনের মোবাইলের সূত্রে ধরে ২০১০ সালে ৫ মে মানিকগঞ্জ সদর উপজেলার চরহিজুলী গ্রামের মোজাফরের ছেলে মাসুদ ও  বগুড়ার তারাকান্দি গ্রামের বদিউজ্জামানের ছেলে ছানোয়ারকে আটক করে পুলিশ। আদালতে নেওয়া হলে তারা রতনকে হত্যার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে ২০১০ সালে ১০ মার্চ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন রতনের বাবা বিশু মিয়া। মামলার তদন্ত কর্মকর্তা সাইফুল ইসলাম আসামি মাসুদ ও ছানোয়ারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। বিচারিক প্রক্রিয়ায় আদালত মোট ১৪ জনের সাক্ষ্য নিয়ে আজ ওই রায় দেন। রাষ্ট্রপক্ষে এপিপি মথুর নাথ সরকার ও আসামিপক্ষে আনোয়ার হোসেন মামলাটি পরিচালনা করেন।