সোনারগাঁওয়ে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ

নারায়ণগঞ্জ 

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বুধবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শিল্পনগরী মেঘনা এলাকায় এ ঘটনা ঘটে। সামিউল বাছির নামে আহত ওই চালককে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোনারগাঁও থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অটোরিকশা চালক সামিউল বাছির চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ থানার পারদিলালপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। সে সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়নের প্রতাপের চর গ্রামের রফিকুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া।

পুলিশ জানায়,  উপজেলার মেঘনা শিল্পাঞ্চল এলাকার বাস কাউন্টার থেকে বুধবার দুপুরে যাত্রী বেশে ৩ ছিনতাইকারী মেঘনা ঘাট এলাকায় যাওয়ার কথা বলে অটোরিকশায় উঠে। পথে একটি দোকান থেকে কলা ও রুটি নিয়ে অটোরিকশা যাত্রীরা খাচ্ছিল। এসময় অটোচালককে কলা ও রুটি দিলে সে খাবে না বলে জানায়। যাত্রীদের সাধাসধির এক পর্যায়ে অটোচালক একটি কলা খায়। এরপর জ্ঞান হারিয়ে ফেললে মেঘনা ঘাট এলাকার একটি নির্জন স্থানে চালককে ফেলে অটোরিকশা নিয়ে ছিনতাইকারিরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। এ ঘটনায় সোনারগাঁও থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান মনির জানান, ঘটনাটি শুনেছি। এখনও কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।