অস্ত্র ও ইয়াবাসহ ডাকাত সরদার গ্রেফতার

গ্রেফতার

 

গোপালগঞ্জের মুকসুদপুরে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি, ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ডাকাত সরদার গিয়াস শেখকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব-৮। শুক্রবার ভোরে মুকসুদপুর উপজেলার চর বাহারা গ্রামে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার বিকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে র‌্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম।

গ্রেফতার ডাকাত সরদার গিয়াস শেখ মুকসুদপুর উপজেলার চর বাহারা গ্রামের মৃত আফতাব শেখের ছেলে।

তাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ এর একটি দল উপজেলার চর বাহারা গ্রামে অভিযান চালায়। এসময় ওই এলাকা থেকে হাতেনাতে ডাকাত সরদার ও ইয়াবা ব্যবসায়ী গিয়াস শেখকে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, একটি চাপাতি ও একটি বড় ছোরাসহ ২৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ডাকাত গিয়াস শেখ দীর্ঘদিন ধরে মুকসুদপুর উপজেলাসহ আশপাশের এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, ডাকাতি, ও ইয়াবা ব্যবসা করে আসছিল। গ্রেফতার গিয়াসের নামে ডাকাতিসহ মুকসুদপুর থানায় ৩টি মামলা রয়েছে। এর মধ্যে ২টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এ ব্যাপারে মুকসুদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।