বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ারম্যান আহত

বাণিজ্যিক ভবনে লাগা আগুন নেভাতে ব্যস্ত ফায়ারম্যানরা  

কিশোরগঞ্জ শহরের গৌরাঙ্গবাজার এলাকায় একটি বাণিজ্যিক ভবনের আগুন নেভাতে গিয়ে ফায়ারম্যান আহত হয়েছেন। সোমবার সকাল ৮টার দিকে শহরের মিলন প্লাজার দ্বিতীয় তলায় একটি ইলেকট্রনিক্স পণ্যের শো-রুমে এ আগুনের সূত্রপাত হয়।

আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় প্রচণ্ড ধোয়া ও অক্সিজেন স্বল্পতার কারণে ফায়ার সার্ভিসের সিনিয়র ফায়ারম্যান নাসির উদ্দিন খন্দকার গুরুতর আহত হন। কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় চার ঘণ্টা কাজ করে দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের লোকজন ভবনের ৪র্থ ও ৫ম তলার আবাসিক বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেন। ভবনের চারপাশের সব রাস্তা বন্ধ করে দেয় পুলিশ। আগুনের খবর পেয়ে পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মনিরুজ্জামান জানান, চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। কাজ করতে গিয়ে তাদের একজন সিনিয়র ফারারম্যান গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে। ভেতরে প্লাস্টিক ও ইলেকট্রকিক্স পণ্য থাকায় প্রচণ্ড ধোয়া সৃষ্টি হয়েছে। বৈদ্যুতিক সট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।