উপাচার্যের পদত্যাগ দাবিতে চোখে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

02বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ড. অধ্যাপক খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগ দাবিতে চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা কালো কাপড় চোখে বেঁধে মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি পালন করেন। ভিসি’র পদত্যাগের দাবিতে আজ টানা অষ্টম দিনের মতো অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থী আবু সালেহ বলেন, ভিসি স্যার মিডিয়াকে সরে যেতে বলায় আমরা এই কালো কাপড় বেঁধে মানববন্ধন করছি। আমাদের এক দফা এক দাবি, এই ভিসির পদত্যাগ চাই।’
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা জয়বাংলা চত্বরে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিতভাবে শিক্ষার্থীরা জানান, তাদের এই সুষ্ঠু আমরণ অনশন এবং অবস্থান কর্মসূচি কুচক্রী মহল ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করছে। একটি বিশেষ মহল বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা সাধারণ শিক্ষার্থীদের নাম এবং ছবি ব্যবহার করে ফেসবুকে ফেক আইডি খুলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাদের নামে বিভিন্ন আপত্তিজনক কথা ছড়িয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর তার দায়ভার দেওয়ার চেষ্টা করছে। বিভিন্ন মহল থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে কোন্দল সৃষ্টির চেষ্টা করে আন্দোলন বানচাল করার চেষ্টা করছে।
এদিন আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও প্রশাসনের দায়িত্ব অবহেলার প্রতিবাদে প্রশাসনিক সব দায়িত্ব পদ থেকে পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মো. তরিকুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগপত্রে ড. মো. তরিকুল ইসলাম বলেন, একজন সহকারী প্রক্টর হিসেবে আমার সমতুল্য শিক্ষার্থীদের ওপর হামলা ও প্রশাসনের দায়িত্ব অবহেলার প্রতিবাদে প্রশাসনিক সব দায়িত্ব পদ থেকে পদত্যাগ করেছি।
এর আগে গত শনিবার বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী প্রক্টর হুমায়ুন কবির আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত হয়ে পদত্যাগের ঘোষণা দেন।
এদিকে বুধবার রাতে ব্যক্তিগত কারণ দেখিয়ে আরেক সহকারী প্রক্টর ড. মো. নাজমুল হক পদত্যাগ করেন।