ঘেরে মাছ, পাড়ে সবজি চাষে স্বাবলম্বী

 

ঘের পাড়ে চাষ করা টমেটোঘেরে মাছ ও পাড়ে সবজি চাষ করে স্বাবলম্বী হয়েছেন কৃষকেরা। গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার বিভিন্ন গ্রামের পাঁচ সহস্রাধিক ঘেরে এই চাষাবাদ করছেন তারা। এসব ঘের পাড় এখন সবুজে ছেয়ে গেছে।

গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার বেশিরভাগ এলাকা নিম্নাঞ্চল। এখানকার ঘেরে মৌসুম অনুযায়ী সবজি চাষ করা হয়। এখন লাউ আর টমেটো বাজারজাত করছেন কৃষকেরা। কিছুদিন পর বরবটি, উচ্ছে, কুশি, মিষ্টিকুমড়া, ঢেঁড়শ ও পুঁইশাক বাজারজাত করা হবে। পুকুরে মাছ চাষ আর পাড়ে সবজি চাষ করে এসব এলাকার কৃষকেরা এখন স্বাবলম্বী।

গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের সুবাস বিশ্বাস, সুনীতি বালা ও রমেন বিশ্বাসের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তারা জানান, সবজি চাষ করে এলাকার কৃষকেরা ভালোই আছেন। সংসারের সচ্ছলতা ফিরিয়ে এনেছেন তারা।

ঘের পাড়ে চাষ করা লাউগোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান শ্রীবাস বিশ্বাস জানান, জেলার নিম্নাঞ্চলগুলোতে শুধু ঘের আর ঘের। বিশেষ করে আমার ইউনিয়নের ১০ হাজার লোকের বাস। তাদের মধ্যে ৮৫ ভাগ মানুষই ঘেরে মাছ ও ঘের পাড়ে সবজি চাষ করে। আর এসব ঘের পাড়ে সবজি চাষ করে কৃষকরা আর্থিকভাবে ভালো আছেন। তারা তাদের ভাগ্য বদলে হয়েছেন স্বাবলম্বী।

ঘের পাড়ে সবজিক্ষেত পরিচর্যা করছেন কৃষকেরাগোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক রমেশ চন্দ্র ব্রহ্ম বলেন, ঘের পাড়ে উৎপাদিত লাউ, উচ্ছে ও টমেটো ইতোমধ্যে জেলার বাজারগুলোতে আসতে শুরু করেছে। কৃষকেরাও ভালো দাম পাচ্ছেন। এসব নিম্নাঞ্চলের মানুষের আয়ের একটা বিশাল অংশই সবজি চাষ থেকে আসে। তাছাড়া এই এলাকার সবজি জেলা শহরের সবজির চাহিদাও মিটিয়ে থাকে।