স্থানীয়রা জানান, বালাকৈড় গ্রামের একটি জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শনিবার সন্ধ্যায় বলাকৈড় বাজারে শাফায়েত শেখ ও মিজান মোল্লার মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে উভয় পক্ষ ঢাল, সড়কি, রামদা নিয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় উভয় পক্ষের ৪টি দোকান ও একটি ক্লাব ঘর ভাঙচুর করা হয়। উভয় পক্ষের অন্তত ১০ ব্যক্তি আহত হন। গুরুতর আহত সাফায়েত শেখ (৫৫), নুতন শেখ (৪৫) ও রেশমা বেগমকে (২৫) গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবারের সংঘর্ষের জের ধরে রবিবার সকালে আবারও ওই দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।
বৌলতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাজেদুর রহমান বলেন, ‘এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’