জাবি উপাচার্যের বাসভবন ঘেরাও

উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীরাদুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ দাবিতে তার বাসভবন ঘেরাও করেছেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বাসভবনের সামনের ফটকে অবস্থান নেন তারা। উপাচার্য তার বাসভবনে অবস্থান করছেন।

উপাচার্যের বাসভবন ঘেরাও এর খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, উপাচার্যপন্থী শিক্ষক-কর্মকর্তারা বাসভবনের সামনে উপস্থিত হয়েছেন।

এর আগে আজ টানা দশম দিনের মতো প্রশাসনিক ভবন অবরোধ এবং নবম দিনের মতো সর্বাত্মক ধর্মঘট পালন করেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। অবরোধ চলাকালে উপাচার্য তার কার্যালয়ে যাওয়া থেকে বিরত ছিলেন।

উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীরাএদিকে, সোমবার সকাল থেকেই উপাচার্যের বাসভবনের সামনে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে বসে প্রতিবাদী সংগীত করছেন। পাশেই আন্দোলনরত শিক্ষকরা অবস্থান করছেন।

‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ মঞ্চের অন্যতম সংগঠক জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি মো. আশিকুর রহমান বলেন, ‘উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ উঠেছে, তা মাথায় নিয়ে তাকে সম্মানের সঙ্গে স্বেচ্ছায় পদত্যাগের দাবি জানিয়েছিলাম। তিনি তাতে কান দেননি। উপরন্তু শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দায়েরসহ নানাভাবে হয়রানি করেছেন। এমতাবস্থায় আমরা তাকে বিশ্ববিদ্যালয়ের জন্য মঙ্গলজনক মনে করছি না। তাই তার বাসভবন অবরোধ করতে বাধ্য হয়েছি।’

মঞ্চের মুখপাত্র অধ্যাপক রায়হান রাইন বলেন, ‘উপাচার্য অপসারণ না হওয়া পর্যন্ত বাসভবন অবরোধ চলবে।’