শিক্ষাজীবনকে জিম্মি করে কেউ কোনও কর্মসূচি দেবেন না: শিক্ষামন্ত্রী

সাভারে শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিশিক্ষাঙ্গনে যেকোনও দাবিতে শিক্ষার্থীদের ক্ষতি হয় এমন কর্মসূচি না দিতে অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘যেখানে যেকোনও দাবি-দাওয়া থাক, আমি আশা করবো, শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে জিম্মি করে কেউ কোনও কর্মসূচি দেবেন না। শেখ হাসিনা সরকারের সময় কোনও দাবি-দাওয়ার প্রয়োজন হয় না। এমনিতেই সব প্রয়োজন মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়।’

বুধবার (১ জানুয়ারি) দুপুরে সাভার সরকারি অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ে নতুন বই উৎসবে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘শিক্ষাকে প্রধানমন্ত্রী সর্বাধিক গুরুত্ব দেন। তাই আমার অনুরোধ, যেকোনও দাবি-দাওয়া থাকলে সেটি আমাদের জানাতে হবে। তার যা কিছু যুক্তিসঙ্গত, সেগুলো অবশ্যই বিবেচনায় নিয়ে দেখবো।’

তিনি আরও বলেন, ‘মানসম্পন্ন শিক্ষা বর্তমান সরকারের অঙ্গীকার। কারণ, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। ভবিষ্যৎ প্রজন্ম সুশিক্ষায় শিক্ষিত হবে, এটাই আমাদের মূল লক্ষ্য। আমরা আমাদের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। তথ্য প্রযুক্তির দিকে অধিকতর জোর দেওয়া হচ্ছে। কারণ, বিশ্ব আজ তথ্য প্রযুক্তির দিকে ধাবিত হচ্ছে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘মন্ত্রিসভা রদবলের একমাত্র এখতিয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তাই তিনি যেটা ভালো মনে করেন, সেটা করবেন।’ এ সময় তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের জঙ্গিবাদ ও মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান।

এর আগে বুধবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে জাতীয় বই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের হাতে নতুন বছরের বই তুলে দেন। সাভার অধর চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সচিব মাহবুবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের সচিব মুন্সি সাহাবুদ্দীন আহম্মেদ।

এছাড়া ঢাকার জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, সাভার পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ মন্ত্রণালয় ও বিভিন্ন বোর্ডের কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সচিব মাহবুবুর রহমান।