গুলিতে এসএসসি পরীক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেফতার ৩

গ্রেফতারের প্রতীকী ছবিগোপালগঞ্জে সাবেক ইউপি মেম্বারের বন্দুক থেকে ছোড়া গুলিতে এসএসসি পরীক্ষার্থী রনি হাওলাদার নিহতের ঘটনায় তিন জনকে গ্রেফতার ও ঘটনায় ব্যবহৃত বন্দুকটি উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারদের বৃহস্পতিবার (৬ জানুয়ারি) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গ্রেফতার ব্যক্তিরা হলেন সদর উপজেলার বনগ্রামের রুবেল শেখ (৩০), রোবায়েত শেখ (৩৫) ও বুরুজ শেখ (৪০)।

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি শেখ গোষ্ঠীর নতুন শেখকে মোল্লা গোষ্ঠীর রহিম মোল্লা ও ভুলু মোল্লা মারধর করেন। এ ঘটনার জের ধরে রহিম মোল্লাকে মারধর করেন নতুন শেখ। এ নিয়ে শেখ ও মোল্লা গোষ্ঠীর সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এরই এক পর্যায়ে সাবেক ইউপি মেম্বার আজিজুল শেখ নিজের বন্দুক দিয়ে গুলি ছুড়লে তা রনি হাওলাদারের গায়ে লাগে, এতে সে ঘটনাস্থলেই প্রাণ হারায়।