এ সময় স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এর আগেও ইতিহাস বিভাগ অনুমোদন বহালের দাবিতে আন্দোলন করেছিল ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা।
ইউজিসি কর্তৃক তদন্ত কমিটি গঠন করায় গত ২১ ফেব্রুয়ারি শিক্ষার্থীরা ৫ মার্চের মধ্যে দাবি মেনে নেওয়ার আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত ঘোষণা করেন। অন্যথায় ৬ মার্চ থেকে লাগাতার অনশন কর্মসূচি পালনের ঘোষণা দেন। কিন্তু, শিক্ষার্থীদের দাবি মেনে না নেওয়ায় গত ৬ মার্চ সন্ধ্যা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে আমরণ অনশন কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, গত ৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) অনুষ্ঠিত এক সভায় বিশ্ববিদ্যালয়টিতে ইতিহাস বিভাগের অনুমোদন না দিয়ে আগামী শিক্ষাবর্ষ থেকে নতুন শিক্ষার্থী ভর্তি না করার নির্দেশ প্রদান করা হয়। ওই দিন রাতেই এ খবর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়ে অনির্দিষ্টকালের আন্দোলন শুরু করেছিল। বর্তমানে বিভাগটিতে ৪১৩ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে।