বকেয়া বেতনের দাবিতে সাভারে শ্রমিকদের সড়ক অবরোধ

সাভারবকেয়া বেতনের দাবিতে সাভারে একটি পোশাক কারখানার শ্রমিকরা সিংগাইর-হেমায়েতপুর সড়ক অবরোধ করে রেখেছেন। রবিবার (১২ এপ্রিল) সকালে হেমায়েতপুর এলাকায় রাকিব ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেন।

কারখানার একাধিক শ্রমিকরা জানায়, রাকিব ফ্যাশন লিমিটেডের মালিক জানুয়ারি থেকে শ্রমিকদের বেতন নিয়ে টালবাহানা করে আসছিলেন। মার্চে বকেয়া বেতন পরিশোধের কথা থাকলেও কর্তৃপক্ষ ওই দিন বেতন না দিয়ে ১৩ তারিখে বেতন পরিশোধের আশ্বাস দিয়ে কারখানাটি ছুটি ঘোষণা করেন।

কারখানার একাধিক শ্রমিকরা অফিস স্টাফদের সঙ্গে যোগাযোগ করে আগামীকাল সোমাবর (১৩ এপ্রিল) বেতন দেওয়া হবে না বলে জানতে পারে। পরে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। খবর পেয়ে শিল্প পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে জানা গেছে।

এ ব্যাপারে আশুলিয়া শিল্প পুলিশের (এসপি) সানা সামিনুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। তবে যে কোনও অপ্রিতীকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে বলেও তিনি জানান।