গোপালগঞ্জে করোনা উপসর্গ নিয়ে আরেক নারীর মৃত্যু

গোপালগঞ্জ

গোপালগঞ্জে জ্বর, শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে আরও এক নারীর মৃত্যু হয়েছে। মৃত নারীর বাড়ি মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়নের টিকারডাঙ্গা গ্রামে। নিজ এলাকায় মন্দিরভিত্তিক স্কুলের শিক্ষক ছিলেন তিনি।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে তিনি নিজের বাড়িতেই মারা যান। গত কয়েক দিন ধরে তিনি জ্বর-সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন বলে তার পারিবারিক সূত্র জানিয়েছে।
গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত ওই নারী করোনার উপসর্গ নিয়ে ভুগছিলেন। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত পরিবারের অন্যান্য সদস্যদের সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে।
প্রসঙ্গত, করোনার উপসর্গ নিয়ে এর আগে কাশিয়ানী উপজেলার বুথপাশা গ্রামে এক নারী ও গতকাল মঙ্গলবার রাতে টুঙ্গিপাড়া স্বাস্থ্য কেন্দ্রে অপর এক নারীর মৃত্যু হয় । করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত জেলায় তিন নারীর মৃত্যু হলো। এখন পর্যন্ত জেলায় ৯ জন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।